বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান হত্যা মামলার ৪৫ বছর ধরে পলাতক থাকা আসামি মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের পলাতক এই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘ ৪৫ বছর পর এই মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করা জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে নিহত হন। হত্যাকাণ্ডের পর তার মরদেহ চট্টগ্রামের রাউজানের একটি জঙ্গলে গোপনে দাফন করা হয়েছিল। ঘটনার তিন দিন পর মরদেহ উদ্ধার করে ঢাকায় আনা হয় এবং পরবর্তীতে জাতীয় সংসদ ভবন চত্বরে তাকে সমাহিত করা হয়।




