বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রির পরিকল্পনা ফিফার

প্রকাশ:

দীর্ঘ ৪০ দিনের বিশ্বকাপ উৎসবের পর্দা নামবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। এই ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠের ঘাস সংরক্ষণের বিশেষ উদ্যোগ নিয়েছে ফিফা। সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, ম্যাচ শেষে সেই ঘাসের অংশবিশেষ স্মারক হিসেবে বিক্রি করা হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর তথ্যমতে, এই ঘাস বিক্রি করে ফিফা প্রায় ১ কোটি ১২ লাখ ডলার আয় করতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৭ কোটি ৪৬ লাখ টাকার সমান।

এদিকে, এই উদ্যোগের আয়ের ভাগ পাওয়ার দাবি জানিয়েছে নিউ জার্সি কর্তৃপক্ষ। নিউ জার্সির ডেমোক্র্যাট গভর্নর মিকি শেরিলের মুখপাত্র শন হিগিন্স জানান, মেটলাইফ স্টেডিয়ামের পিচ প্রস্তুতের খরচের বড় অংশ বহন করেছে নিউ জার্সি। তাই এই নতুন আয়ের অংশীদার হওয়ার অধিকার নিউ জার্সির করদাতাদেরও রয়েছে।

ফিফার এই স্মারক বিক্রির পরিকল্পনায় সর্বনিম্ন ৪৫০ ডলার (৫৫,২৩৯ টাকা) থেকে শুরু করে ৯০০ ডলার (১ লাখ ১০ হাজার টাকা) এবং ১২০০ ডলারের (১ লাখ ৪৭ হাজার টাকা) প্যাকেজ রয়েছে। এসব প্যাকেজে ২.৫ ইঞ্চি বাই ২.৫ ইঞ্চি বাই ২.৫ ইঞ্চি মাপের আসল ঘাসের টুকরো থাকবে। তবে দামের পার্থক্যের কারণ স্পষ্ট নয়, যদিও ধারণা করা হচ্ছে গোলমুখ বা সেন্টার সার্কেলের মতো গুরুত্বপূর্ণ স্থানের ঘাসের দাম বেশি হতে পারে। এছাড়া ৩০০০ ডলারের (৩ লাখ ৬৮ হাজার টাকা) একটি প্রিমিয়াম প্যাকেজও থাকবে, যাতে ৩ ইঞ্চি বাই ৩ ইঞ্চি বাই ৩ ইঞ্চি ঘাসের টুকরো, সোনালি খোদাই করা ধাতব স্মারক টিকিট, ফাইনাল বলের মিনি রেপ্লিকা এবং স্ফটিক কাঁচে তৈরি বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ অন্তর্ভুক্ত থাকবে।

১৯ জুলাই নিউজার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। লিওনেল স্কালোনির শিষ্যরা তাদের ২০২২ সালের শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে। এর আগে মায়ামিতে ফ্রান্স ও ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়াই করবে।

শেরিলের মুখপাত্র শন হিগিন্স সংবাদমাধ্যমকে বলেন, ‘মেটলাইফ স্টেডিয়ামের মাঠের পিচ প্রস্তুতের মোট ব্যয়ের অধিকাংশই বহন করেছে নিউ জার্সি। তাই ফিফার এই নতুন অর্থ উপার্জনের উদ্যোগ থেকে যে আয় হবে, তার অংশীদার হওয়ার অধিকার নিউ জার্সির করদাতাদেরও রয়েছে।’ আরও পড়ুনআরও পড়ুন২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল

শেয়ার করুন