আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

এইচএসসি পরীক্ষা কেন্দ্রিক বিভিন্ন দাবি ও পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের মান নিয়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ, সড়ক অবরোধ এবং সমাবেশের পেছনে ভিন্ন কোনো গোষ্ঠীর ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আয়োজিত এই আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যারা আন্দোলন করছেন তাদের অনেকের পরিচয় যাচাই করে দেখা গেছে যে, তারা প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থীই নন। সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে বিভিন্ন ইস্যুতে পরিচয় গোপন রেখে এই মহলগুলো সক্রিয় হয়ে উঠেছে। যারা সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, তাদের এই কর্মকাণ্ডকে সরকার খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা ও দেশের দু-একটি জেলা ছাড়া এর তেমন কোনো প্রভাব নেই এবং বিষয়টিকে মিডিয়াতে আসার কারণেই মূলত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।

পরীক্ষার্থীদের দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থানের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হয়েছে, তাদের পরবর্তীতে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। পদার্থবিজ্ঞানের দুটি প্রশ্নের ভুলের বিষয়ে তিনি জানান, মন্ত্রণালয় এ নিয়ে তদন্ত করবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে ওই দুটি প্রশ্নের নম্বর যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে, যা নিয়ে পরীক্ষার্থীরা সন্তুষ্ট। শিক্ষামন্ত্রী সংসদেও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। যারা মূল পরীক্ষার্থী তারা সন্তুষ্ট থাকলেও, যারা এর পরেও পরীক্ষায় অংশ নেয়নি বা নিতে পারেনি, তাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলাকালীন সময়ে পুনরায় সুযোগ দেওয়া হবে বলে তিনি জানান।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।

শেয়ার করুন