আগামী রোববার রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালকে ঘিরে নতুন পরিকল্পনা নিয়েছে ফিফা। আমেরিকান সুপার বোলের আদলে প্রথমবারের মতো এই ফাইনালে একটি জমকালো হাফটাইম শো আয়োজন করা হচ্ছে। ইংলিশ সংবাদমাধ্যম মিরর ফুটবলের তথ্যমতে, এই বিশেষ আয়োজনের জন্য ম্যাচের প্রচলিত ১৫ মিনিটের বিরতি বেড়ে প্রায় ৩০ মিনিটে গড়াতে পারে। যদি এমনটি ঘটে, তবে এটিই হবে বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম বিরতিসহ ফাইনাল ম্যাচ।
ফিফার এই আয়োজনে বিশ্বের জনপ্রিয় শিল্পীদের পারফর্ম করার কথা রয়েছে। সম্ভাব্য শিল্পীদের তালিকায় ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা, বিটিএস, বার্না বয় এবং অর্কেস্ট্রা কন্ডাক্টর গুস্তাভো দুদামেলের নাম উঠে এসেছে। এছাড়া কোল্ডপ্লের সহযোগিতায় পিএস২২ কোরাসও অংশ নেবে। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে রবি উইলিয়ামস, টম ক্রুজ ও নিকোল শেরজিঙ্গারের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
তবে ফিফার এই উদ্যোগ নিয়ে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের মতে, ফুটবলের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে হাফটাইম দ্বিগুণ করলে খেলার স্বাভাবিক ছন্দ নষ্ট হতে পারে। অনেকের অভিযোগ, বাণিজ্যিক স্বার্থ ও সম্প্রচারের বিষয়টিকে প্রাধান্য দিতেই ফিফা এমন সিদ্ধান্ত নিয়েছে।
যদিও এই সমালোচনাকে গুরুত্ব দিচ্ছে না ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মতে, এটি ফুটবল, সংগীত ও বৈশ্বিক সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন, যা ফাইনালের স্মৃতিকে আরও সমৃদ্ধ করবে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইডেন্টিটির প্রধান নির্বাহী মাইকেল গিটজেনও ফিফার পক্ষ নিয়েছেন। তিনি বলেন, বিশ্বকাপ ফাইনাল সাধারণ কোনো ম্যাচ নয়; এটি প্রতি চার বছরে একবার আসে এবং বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আয়োজন। তাই এই ম্যাচকে স্মরণীয় করতে বিশেষ আয়োজন থাকতেই পারে। সব মিলিয়ে রোববারের ফাইনালটি শিরোপার লড়াইয়ের পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে একটি নতুন অধ্যায় হয়ে থাকার অপেক্ষায় রয়েছে।



