রাজধানীর উত্তরার জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অনলাইন নিউজ পোর্টাল ‘প্রাণের বাংলাদেশ’-এর সাংবাদিক রবিউল আলম রাজু এবং ‘সংবাদ দিগন্ত’-এর সাংবাদিক সাকিবুল হাসান।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলা শেষে দুই সাংবাদিক মোটরসাইকেলযোগে জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির বাস তাদের সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও টহল পুলিশ তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি মোহাম্মদ খালিদ মুনসুর জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করেছে এবং ঘাতক বাস ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।




