আটলান্টায় ইংল্যান্ড-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আটক একাধিক

প্রকাশ:

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের হৃদয়ভাঙা বিদায়ের পর যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা স্টেডিয়ামের বাইরে ইংল্যান্ড ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়লে সশস্ত্র পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে পুলিশ একাধিক সমর্থককে আটক করেছে। একটি বৃটিশ ট্যাবলয়েড পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, স্টেডিয়ামের বাইরের রাস্তায় দুই দলের অন্তত দু’জন সমর্থক হাতাহাতিতে জড়িয়ে পড়লে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

লিওনেল মেসিদের দল ২-১ গোলে নাটকীয় জয় পাওয়ার পর কয়েকজন আর্জেন্টাইন সমর্থককে পুলিশের মুখোমুখি হতে দেখা যায়। আটলান্টা স্টেডিয়ামের আশপাশে দুই দলের সমর্থকদের মধ্যে একাধিক সংঘর্ষের ছবিও প্রকাশিত হয়েছে। থ্রি লায়ন্সের জার্সি পরিহিত ইংল্যান্ডের কয়েকজন সমর্থককে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা গেছে, যারা ওই সংঘর্ষে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। শুধু আটলান্টাই নয়, বার্মিংহাম থেকে নিউইয়র্ক সিটি পর্যন্ত বিভিন্ন স্থানেই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি এবং গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ (মালভিনাস আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার প্রদর্শন করতে দেখা যায়, যা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনার দাবির প্রতীক। কিছু সমর্থককেও একই ধরনের ব্যানার প্রদর্শন করতে দেখা যায়, যার মাধ্যমে দ্বীপপুঞ্জটির ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবি জানানো হয়। উল্লেখ্য, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দারা গণভোটে বিপুল ভোটে বৃটিশ ওভারসিজ টেরিটরি হিসেবেই থাকার পক্ষে মত দিয়েছিলেন।

শেয়ার করুন