দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান। বুধবার (১৫ জুলাই) তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো আইনশৃঙ্খলা বাহিনীকে একটি দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলা।
প্রধানমন্ত্রী আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি কোনো ধরনের উগ্রবাদ বা চরমপন্থাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা রক্ষা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। পুলিশ বাহিনীকে অধিকতর জবাবদিহিমূলক এবং পেশাদার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দেশ থেকে অর্থ পাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী শাসনামলে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে বলে সরকার তথ্য পেয়েছে। এই ধরনের দুর্নীতি যেকোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে সরকার বদ্ধপরিকর।
সাধারণ মানুষের নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষ—যেমন কৃষক, শ্রমিক, শিক্ষক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী—দিন শেষে নিরাপদে বাড়ি ফিরতে এবং পরিবার নিয়ে শান্তিতে থাকতে চান। জনগণের এই প্রত্যাশা পূরণের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্ষম ও পেশাদার করে গড়ে তোলা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




