হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের যে পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা থেকে তিনি সরে এসেছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, এর পরিবর্তে তিনি উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ প্রত্যাশা করছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বিবিসির লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়।
ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা। বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার সময়ও তিনি বারবার যুক্তরাষ্ট্রে বিনিয়োগের বিষয়টি সামনে নিয়ে এসেছেন। ট্রাম্প দাবি করেছেন, এই ধরনের চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ আসবে এবং নতুন নতুন কারখানা ও শিল্প স্থাপনা গড়ে উঠবে। তবে এই বিনিয়োগ সংক্রান্ত পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। এছাড়া যেসব উপসাগরীয় দেশকে তিনি বিনিয়োগের অংশীদার হিসেবে উল্লেখ করেছেন, তাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেছেন যে, হরমুজ প্রণালি ইরানের জাহাজ ছাড়া অন্য সব দেশের জন্য উন্মুক্ত থাকবে। তিনি ইরানের নেতৃত্বের কঠোর সমালোচনা করে বলেন, ‘তাদের মিথ্যাবাদী, সহিংস, বিদ্বেষপূর্ণ নেতৃত্ব তাদেরকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।’ একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ অবরোধ’ আরোপের ঘোষণা দিয়েছেন।
ট্রাম্পের সর্বশেষ পোস্টের শেষ অংশটি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘ইরানে বিক্ষোভকারীদের হত্যা করার দিন শেষ।’ তবে এই লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি ঠিক কী ধরনের পদক্ষেপ নেবেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।




