আগামী শিক্ষাবর্ষ থেকেই এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সরকারি দলীয় সংসদ সদস্য লুৎফুর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে জানান, এই সিদ্ধান্তের মাধ্যমে পর্যায়ক্রমে শিক্ষাবর্ষের শুরু এবং পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে একটি সামঞ্জস্য তৈরি করা সম্ভব হবে। এর ফলে শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় অনেকাংশেই কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরকার যে পাবলিক পরীক্ষাগুলো আরও দ্রুত বা আগাম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে, সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।




