ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচার এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরী। শুক্রবার সকালে শাহবাগ চত্বরে আয়োজিত এক ছাত্র সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি পদযাত্রা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হন।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ। সমাবেশে আব্দুল আজিজ বলেন, জুলাই অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের জন্য ছিল না, এটি ছিল বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। তিনি জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং ছাত্ররাজনীতিতে সন্ত্রাস ও দখলদারিত্বের অবসানের দাবি জানান।
সভাপতির বক্তব্যে আদনান রাফি বলেন, ছাত্রসমাজ অতীতে যেমন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবে। তিনি জুলাই আন্দোলনের চেতনাকে বাস্তবে রূপ দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল রাকিবুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ এবং মুহাম্মাদ দিদারুল ইসলাম। এছাড়া কর্মসূচিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





