২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অন্তত ৬ হাজার ৭৬৭টি সহিংসতা ও নিপীড়নের ঘটনা ঘটেছে। এ সময়কালে মন্দির ও প্রতিমায় হামলার ঘটনা ঘটেছে ২ হাজার ৫২টি। অধিকার এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সংগৃহীত পরিসংখ্যান বিশ্লেষণ করে সম্প্রতি এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) তথ্য যাচাই প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট।
প্রকাশিত তথ্যে দেখা যায়, ১৫ বছরে সংখ্যালঘুদের ঘরবাড়ি, জমিজমা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং দখলের ঘটনা ঘটেছে ২ হাজার ৫৮৯টি, যা মোট সহিংসতার প্রায় ৩৮ শতাংশ। সব মিলায়ে মন্দির ও সম্পত্তিতে হামলার ঘটনাগুলো মোট সহিংসতার ৬৮ দশমিক ৯ শতাংশ দখল করে আছে। এছাড়া এই দীর্ঘ সময়ে সহিংসতায় ১৩ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ২ হাজার ৯৪ জন এবং ১৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন।
পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে ২০১৩ ও ২০১৪ সালে। এ দুই বছরে মোট ২ হাজার ৫৮৪টি হামলা ও নিপীড়নের ঘটনা ঘটে, যা ১৫ বছরের মোট সংঘাতের প্রায় ৩৮ শতাংশ। এর মধ্যে ২০১৪ সালে সর্বোচ্চ ১ হাজার ৫৫৮টি ঘটনা রেকর্ড করা হয়, যেখানে ৯৫৪টি বাড়িঘর-ব্যবসায়িক প্রতিষ্ঠানে এবং ৩৪৭টি মন্দির-প্রতিমায় হামলা চালানো হয়। সে বছর আহত হন ২৫৫ জন এবং দুইজন ধর্ষণের শিকার হন। ২০১৩ সালে ১ হাজার ২৬টি ঘটনার মধ্যে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ৪৬০টি এবং মন্দির-প্রতিমায় ৪৪৭টি হামলার ঘটনা অন্তর্ভুক্ত ছিল; যাতে আহত হন ১১৮ জন এবং একজন ধর্ষণের শিকার হন। মোট ঘটনার প্রায় ৩৮ শতাংশই ছিল বাড়িঘর, জমি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা, যা সংখ্যার দিক থেকে সর্বাধিক। আর মন্দির ও প্রতিমায় হামলার ঘটনা ছিল প্রায় ৩০ শতাংশ। সব মিলিয়ে এই দুই খাতেই ঘটেছে ৪ হাজার ৬৪১টি ঘটনা, যা মোট ৬ হাজার ৭৬৭টি ঘটনার প্রায় ৬৯ শতাংশ।
বাংলা ফ্যাক্টের বিশ্লেষণ অনুযায়ী, প্রাণহানির ঘটনার ক্ষেত্রে দেখা গেছে নিহত ১৩ জনের মধ্যে সাতজনই মারা যান ২০১৬ সালে। আবার মোট ১৯টি ধর্ষণের ঘটনার মধ্যে ১৪টিই ঘটেছে ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে। আহত হওয়ার ঘটনা সবচেয়ে বেশি ছিল ২০০৯ সালে (৫০২ জন), যার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ২০২১ সাল (৩০১ জন)। ২০২১ সালে নথিভুক্ত ৭৫১টি সহিংসতার মধ্যে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ২৪৬টি এবং মন্দির ও প্রতিমায় ২০৪টি হামলা চালানো হয়েছিল।
বিশ্লেষণের শেষ বছর ২০২৩ সালে মোট ৩০২টি সহিংসতার ঘটনা ঘটে। এই বছরে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ১৬৪টি এবং মন্দির ও প্রতিমায় ৫৬টি হামলা নথিভুক্ত করা হয়। এসব ঘটনায় ৮১ জন আহত হওয়ার পাশাপাশি একজন প্রাণ হারান।





