এইচএসসি পরীক্ষা স্থগিত না করার আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করা একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর বাংলাদেশে নতুন ধারার প্রতিবাদ হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’। মঙ্গলবার (১৪ জুলাই) দেশের জেন-জি বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে এই পেজটি চালু করেন। ‘We are the broiler generation: Insulted by words, United by purpose’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই পেজটিতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ২ হাজার ৩০০ জন ফলোয়ার যুক্ত হয়েছেন। এছাড়া ‘They called us Broiler Chicken, We became a Movement’ স্লোগানটিও পেজটিতে দেখা গেছে।
টানা ভারী বৃষ্টিপাত ও ব্যাপক জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। শিক্ষার্থীদের কটাক্ষ করে ছড়িয়ে পড়া অডিওর প্রতিবাদ জানাতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। বিকেল থেকে পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ব্যঙ্গাত্মক কনটেন্ট, ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে। অনলাইন অ্যাক্টিভিস্টদের মতে, ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আদলে এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণদের ‘ককরোচ’ বা ‘পরজীবী’ বলে উল্লেখ করার পর সেই দেশে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে সিজেপি গড়ে উঠেছিল।
এদিকে, দিনব্যাপী আন্দোলনের পর আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছেন। একইসঙ্গে তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তারা।




