এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রকাশ:

চলমান বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতায় আন্দোলনরত শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, পরীক্ষার বিষয়ে সরকার সমানভাবে উদ্বিগ্ন এবং কোনো শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী জানান, বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজনের বিষয়ে সরকার শুরু থেকেই সতর্ক ছিল। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ও সংশ্লিষ্ট দপ্তরের তথ্যের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছে। পরীক্ষা চলাকালীন কোনো কেন্দ্রে পানি ওঠা বা অন্য কোনো সমস্যা দেখা দিলে স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া কোনো কেন্দ্রে ত্রুটি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলে তা যাচাই করে পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

কুমিল্লার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের পরিস্থিতির কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কিছু কেন্দ্রে পানি জমলেও তা দ্রুত সমাধান করা হয়েছে এবং পরীক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের গাফিলতির কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে। সরকারের কাছে পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান। এছাড়া চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজনে অন্য ক্ষতিগ্রস্ত এলাকার জন্যও পুনরায় পরীক্ষা আয়োজনের প্রস্তুতি রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, তারা দেশের ভবিষ্যৎ এবং কোনোভাবেই তাদের অধিকার ক্ষুণ্ন করা হবে না। তাই আন্দোলনের পথ ছেড়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি পুনরায় আশ্বাস দেন যে, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এদিনের অধিবেশন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন