দেশের সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং সরকারি শেয়ার রয়েছে এমন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চাকরিরত কোনো সচিব বা সমমর্যাদার কর্মকর্তারা আর চেয়ারম্যান কিংবা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং পরিচালনা পর্ষদের কাজে পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই নতুন নীতিমালা জারি করেছে। বর্তমানে যেসব প্রতিষ্ঠানে সচিব পর্যায়ের কর্মকর্তারা কর্মরত আছেন, তারা তাদের চুক্তির অবশিষ্ট মেয়াদ পূর্ণ করার সুযোগ পাবেন। তবে ভবিষ্যতে এই পদে নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম কঠোরভাবে কার্যকর হবে।
নতুন নীতিমালা অনুযায়ী, কোনো ব্যক্তি পরিচালনা পর্ষদে টানা দুই মেয়াদের বেশি পরিচালক পদে থাকতে পারবেন না। তবে এক মেয়াদ বিরতি দেওয়ার পর তিনি আবারও পরিচালক হওয়ার যোগ্য বিবেচিত হবেন। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কমপক্ষে ১০ বছরের প্রশাসনিক, ব্যবস্থাপনা কিংবা সংশ্লিষ্ট পেশাগত অভিজ্ঞতার বাধ্যবাধকতা রাখা হয়েছে। তবে বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এই বয়সসীমা কিছুটা শিথিল করার সুযোগ রাখা হয়েছে। তবে কর্ম-অভিজ্ঞতা ও বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা যাবে।
পরিচালনা পর্ষদের পেশাগত বৈচিত্র্য আনতে নীতিমালায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি পর্ষদে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইনজ্ঞ এবং একজন অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যাংকারের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া মোট পরিচালক পদের এক-তৃতীয়াংশ যোগ্য নারী প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ বা মনোনয়নের বিষয়টি বিবেচনা করা হবে। অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং, পুঁজিবাজার, ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিধানও বহাল রাখা হয়েছে। কোনো ব্যক্তি একই সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না, যদি না সরকারের বিশেষ কোনো আইনি বিধান থাকে। এছাড়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, বহিঃহিসাব নিরীক্ষক, আইন উপদেষ্টা কিংবা গত পাঁচ বছরে বেতনভুক্ত কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কোনো ব্যক্তি চেয়ারম্যান বা পরিচালক হওয়ার অযোগ্য বলে গণ্য হবেন। স্বার্থের সংঘাত তৈরি হয় এমন যেকোনো প্রার্থীকে নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করা হবে না।
চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রক্রিয়ার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিতে অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব পর্যায়ের প্রতিনিধি এবং অর্থ বিভাগের একজন যুগ্মসচিব অন্তর্ভুক্ত থাকবেন।
কেন্দ্রীয় ব্যাংক শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব সদস্য-সচিব হিসেবে কাজ করবেন। কমিটি প্রার্থীদের যোগ্যতা, আর্থিক স্বচ্ছলতা, নৈতিকতা ও গোয়েন্দা প্রতিবেদন যাচাই করবে। পুনর্নিয়োগের ক্ষেত্রে আগের কর্মদক্ষতাও মূল্যায়নের আওতায় আসবে। বাছাই কমিটির সুপারিশ পাওয়ার পর চেয়ারম্যান পদের জন্য প্রধানমন্ত্রীর এবং পরিচালক পদের জন্য অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর চূড়ান্ত অনুমোদন নিতে হবে।
নিয়োগের পর চেয়ারম্যান ও পরিচালকদের কার্যকাল অনধিক তিন বছর নির্ধারিত থাকবে। পর্ষদের মূল দায়িত্ব হবে ব্যাংকের নীতি প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা। তবে পর্ষদ সদস্যরা প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কাজে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবেন না। সদস্যদের সক্ষমতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। এছাড়া তাদের দায়িত্ব, কর্তব্য ও সম্মানী প্রদানের ক্ষেত্রে সরকার ও বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।





