শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ছেড়ে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তারা ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবনের বটতলা গেটে পৌঁছান। শিক্ষার্থীদের এই অবস্থানের ফলে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে, যার প্রভাব পড়েছে আসাদগেট থেকে খামারবাড়ি পর্যন্ত সড়কে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা ও সায়েন্স ল্যাব মোড়ে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ ব্যানারে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, রংপুর ও কুমিলস্নাসহ দেশের বিভিন্ন স্থানেও পরীক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন। ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ ও তেজগাঁও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন।
পরীক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। টানা বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।




