জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাভারে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে পুলিশের এপিসি (আর্মড পারসোনেল ক্যারিয়ার) থেকে ফেলে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার (২২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ প্রদান করেন।
আদালতে প্রসিকিউশন পক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর মারজিনা রায়হান মদিনা। বিচার শুরুর আদেশের পাশাপাশি আদালত এই মামলার সূচনা বক্তব্য ও প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন।
মামলাটিতে ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী ও ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরসহ মোট ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আদালত।
২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে সাভারে পুলিশের হামলার শিকার হন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন। সে সময় পুলিশের এপিসি থেকে ইয়ামিনের নিথর দেহ ফেলে দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





