শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রকাশ:

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং তাদের কোনোভাবেই বঞ্চিত করা হবে না। শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ, তাই তাদের নিয়ে আমরাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন বলে তিনি উল্লেখ করেন।

চলমান দুর্যোগ ও বৃষ্টির মধ্যে পরীক্ষা পরিচালনার বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, সরকার সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কোথাও পরীক্ষা কেন্দ্রে পানি উঠলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্রের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে মাঠে পানি জমে যাওয়ায় সমস্যা হয়েছিল, যা পরে সমাধান করা হয়েছে। দুর্যোগের কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে যাচাই-বাছাই করে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে, যা ইতিমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কার্যকর করা হয়েছে। প্রয়োজনে স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরবর্তীতে নেওয়ার মতো অতিরিক্ত প্রশ্নপত্রও সরকারের হাতে রয়েছে বলে তিনি জানান।

চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি থাকার বিষয়ে মন্ত্রী ব্যাখ্যা দিয়ে বলেন, বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব গ্রহণ করেছে। অথচ প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের কাজ প্রায় দুই বছর আগে শুরু হয়েছিল। ফলে এবারের প্রশ্নপত্র আগের সরকারের সময়ে দায়িত্বপ্রাপ্ত কমিটির মাধ্যমেই প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে সোমবার অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান পরীক্ষার ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি ছিল বলে তিনি স্বীকার করেন। তবে ভুল শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, সরকার কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ সম্পর্কে অত্যন্ত সংবেদনশীল এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রেখেছে। যেসব কেন্দ্রে ভুল-ত্রুটি হয়েছে, সেখানে পুনঃপরীক্ষা নেওয়ার সুযোগও সরকারের রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

শেয়ার করুন