জার্মানির রাজধানী বার্লিনের ফেডারেল চ্যান্সেলারিতে শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের উপস্থিতিতে দুই দেশের সরকারের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা সই হয়েছে। নিরাপত্তা, সামরিক সহযোগিতা এবং শান্তি ও বিরোধ নিষ্পত্তি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে আমিরের এই সফরের অংশ হিসেবে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
চুক্তি ও সমঝোতার বিস্তারিত
- কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জার্মানির ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি সই হয়েছে।
- কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী (লেখউইয়া) এবং জার্মানির ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আরও একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।
- দুই দেশের মধ্যে একটি সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন হয়েছে।
- শান্তি, সমঝোতা ও বিরোধ নিষ্পত্তি খাতে সহযোগিতার বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের মধ্যে একটি লেটার অব ইনটেন্ট সই হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং আমিরের সফরসঙ্গী সরকারি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় জার্মানির বেশ কয়েকজন মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারাও অংশ নেন। এই চুক্তিসমূহ উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।





