তিন দফা দাবিতে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করলেন শিক্ষার্থীরা

প্রকাশ:

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ঘেরাও করেছেন একদল শিক্ষার্থী। এর আগে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ পরিচয় দিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। সেখান থেকে তারা মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে মিছিলটি ভিসি চত্বরের পূর্ব পাশে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয় এবং সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এরপর শিক্ষার্থীরা তোরণ গেট হয়ে পলাশী মোড় দিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান নেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রতিবাদ জানান। শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বসহকারে শোনা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি শিক্ষার্থীদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেছেন।

শেয়ার করুন