১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকা ঋণ দিচ্ছে বিসিক

প্রকাশ:

দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) ৫১১ জন উদ্যোক্তাকে মোট ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এই ঋণগ্রহীতাদের মধ্যে ২৭৬ জন নতুন উদ্যোক্তা এবং ২৩৫ জন পুরোনো উদ্যোক্তা। অর্থাৎ, ঋণসুবিধা পাওয়াদের অর্ধেকের বেশিই নতুন। এছাড়া নারী উদ্যোক্তার সংখ্যা ২৩২ জন এবং পুরুষ উদ্যোক্তার সংখ্যা ২৭৯ জন। এই ঋণ কর্মসূচির মাধ্যমে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ২ হাজার ৪৪৮ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিসিক জানিয়েছে, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, বিদ্যমান প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ঋণ দেওয়া হচ্ছে।

রাজধানীর তেজগাঁওস্থ বিসিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, বিসিক বর্তমানে ২ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করছে। এর বেশি ঋণের ক্ষেত্রে জামানতের প্রয়োজন হয়। জেলা পর্যায়ে ৫ লাখ টাকা থেকে শুরু করে বিসিক ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। ভবিষ্যতে জামানতবিহীন ঋণের সীমা বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে বিসিকের ঋণ আদায়ের হার ৯০ শতাংশেরও বেশি। ২ লাখ টাকার বেশি হলে জামানত নিতে হয়। ভবিষ্যতে পর্যালোচনা করে দেখা হবে, জামানতবিহীন ঋণের পরিমাণ কতটুকু বৃদ্ধি করা যায়।

বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, কয়েক দশক ধরে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বাড়াতে সংস্থাটি নিরলস কাজ করে যাচ্ছে। এবারের ঋণপ্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে অর্ধেকের বেশি নতুন হওয়ায় এটি দেশের অর্থনীতিতে নতুন উদ্ভাবনী উদ্যোগের পথ প্রশস্ত করবে।

বিসিক জানায়, নতুন ২৭৬ জন উদ্যোক্তাকে ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা এবং পুরোনো ২৩৫ জন উদ্যোক্তাকে ৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য ৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা এবং পুরুষদের জন্য ৭ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। আঞ্চলিক ভিত্তিতে ঢাকা অঞ্চলে ১৮১ জন উদ্যোক্তা ৪ কোটি ৭৯ লাখ টাকা, খুলনা অঞ্চলে ১২৩ জন ৩ কোটি ৭৩ লাখ টাকা, রাজশাহী অঞ্চলে ১১৮ জন ৩ কোটি ৩৫ লাখ টাকা এবং চট্টগ্রাম অঞ্চলে ৮৯ জন ২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা ঋণ পাচ্ছেন।

মোট ১৪টি শিল্প খাতের উদ্যোক্তারা এই ঋণের সুবিধা পাচ্ছেন। এর মধ্যে সর্বোচ্চ ২২০ জন খাদ্য ও খাদ্যজাত শিল্পের এবং ১২২ জন বস্ত্র ও বস্ত্রজাত শিল্পের উদ্যোক্তা। অর্থাৎ মোট ঋণপ্রাপ্ত উদ্যোক্তার প্রায় ৬৭ শতাংশই এই দুই খাতের। এছাড়া হালকা প্রকৌশল, কৃষি ও কৃষিজাত, বনজ, চামড়া, পাট, প্লাস্টিক ও ইলেকট্রনিকস খাতের উদ্যোক্তারাও ঋণ পেয়েছেন।

বর্তমানে বিসিকের তিনটি ঋণ কর্মসূচি চালু রয়েছে—নিজস্ব তহবিলের ঋণ, ১০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঋণ এবং আধুনিক প্রযুক্তিতে মৌচাষ উন্নয়ন ঋণ। এসব কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে আরও ৩৫০ কোটি টাকা বিতরণের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এছাড়া শিল্পনগরগুলোর ভেতরে ও বাইরে উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন এবং রুগ্ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালুর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন