১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে পালিত আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশ:

“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে শহরের সার্কিট হাউজ চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটি শেষ হয় সদর থানার সামনে অবস্থিত আইডিইবির অস্থায়ী কার্যালয়ের সামনে। এ সময় ফিতা কেটে জেলা শাখার নতুন অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন এবং ডিইএবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও আইডিইবি রাজশাহী অঞ্চলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম রনি। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইডিইবি জয়পুরহাট জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মো. মেহেদী খান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন