১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ মের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ: ইসি সানাউল্লাহ

প্রকাশ:

দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে এবং পঞ্চম ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২৭ মে। সোমবার (১৬ নভেম্বর) কমিশন কার্যালয়ে ১৩তম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ হবে। প্রতিটি ধাপের ভোট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কমিশন। ইসি সানাউল্লাহ জানান, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিংবা নির্বাচনী চক্রের মধ্যে রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।

ভোটগ্রহণের অগ্রাধিকার নির্ধারণের বিষয়ে কমিশনার জানান, উপজেলা সদরের কাছাকাছি থাকা ইউনিয়নগুলো এবং যেগুলোর মেয়াদ দীর্ঘ সময় আগে শেষ হয়েছে, সেগুলোতে আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে বর্ণানুক্রমিকভাবে অন্য উপজেলাগুলোতে ভোট আয়োজন করা হবে। তবে সব জেলায় একই সময়ে নির্বাচনী প্রক্রিয়া শুরুর পরিকল্পনা রয়েছে কমিশনের।

নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, সাধারণত ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হতে পারে। এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির বিষয়ে কমিশনার জানান, নভেম্বরের মধ্যে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক বৈঠক করবে।

শেয়ার করুন