দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে আইসিটি বিভাগের ৫০০ কোটি টাকার তহবিল থেকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী জানান, এই অর্থায়নের জন্য কোনো মন্ত্রী বা উপদেষ্টা নয়, বরং একটি সম্পূর্ণ নিরপেক্ষ কমিটি কাজ করবে। তিনি আরও নিশ্চিত করেন যে, সরকারি এই তহবিলের শতভাগ জবাবদিহি নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহানের জামানতবিহীন ঋণপ্রাপ্তি সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পের সম্ভাবনাই হবে অর্থায়নের মূল মাপকাঠি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন।




