তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্যে গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের নির্ধারিত তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালের দিকে বোর্ড সচিব রাইসা আফরোজ এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে যে সভা হওয়ার কথা ছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। শিগগিরই এই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
মজুরি বোর্ডের দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হয়েছিল গত ৯ নভেম্বর। সেই বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব উত্থাপন করেন। ওইদিন মালিকপক্ষ তাদের প্রস্তাব দাখিল করতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, সোমবারের বৈঠকে মালিকপক্ষের মজুরি কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা ছিল। বিজিএমইএ কর্তৃপক্ষের সে অনুযায়ী প্রস্তুতির তথ্যও ছিল বোর্ডে। এর আগে ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়।
তৈরি পোশাক খাতে মজুরি বৃদ্ধির দাবিতে চলা অস্থিরতার পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাক খাতের জন্য আলাদা বোর্ড গঠন করে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ মজুরি ঘোষণা করা হয়েছিল, যা একই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। তৎকালীন সময়ে মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল, যা ছিল পূর্বের তুলনায় ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি। শ্রম আইন সংশোধনের মাধ্যমে এবার মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে, যার সুবাদে চলতি নভেম্বরেই বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হতে যাচ্ছে।
এর আগে ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দিলে শ্রমিকরা কাজে ফেরা শুরু করেন। তবে এর পরেও ঢাকা, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটতে দেখা গেছে।





