গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক তাণ্ডব চালায়। সে সময় লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে তারা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নেয়। ওই দিন বিক্ষোভের এক পর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে তারা অবরোধ সৃষ্টি করায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হয়।
এই সহিংসতার ঘটনায় গত ১৩ নভেম্বর বিকেলে এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ২ হাজার জনকে আসামি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ওসি মো. আয়ুব আলী জানান, বিকেলে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত পথরোধ করে এসআই মোসলেমের ওপর হামলা চালায়। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ওসি আরও বলেন, এই হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পুলিশের মামলার বাদীকে হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।





