কাতারের রাজধানী দোহায় উৎসবমুখর পরিবেশে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কাতার বন্ধুসভা। গত ১৩ নভেম্বর শুক্রবার দোহায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে বন্ধুসভার সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কাতার বন্ধুসভার নিজস্ব সাংগঠনিক ওয়েবসাইট (bondhushavaqatar.com) উদ্বোধন, যা সংস্থাটির কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে চালু করা হয়েছে।
সন্ধ্যায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্ধুসভা কাতারের সভাপতি শাকিল আহমেদ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমান। অনুষ্ঠানে কাতারের বিভিন্ন প্রান্ত থেকে আসা সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বন্ধুসভার গত ছয় বছরের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেন। বন্ধুসভা কাতারের উপদেষ্টা আবজল আহমেদ ও বুরহান উদ্দিন তাদের বক্তব্যে প্রবাসে পারস্পরিক বন্ধুত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রায় স্বাগত বক্তব্যে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সানি এবং নতুন বন্ধু হাবিব ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানকে সামনে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা ও সংগঠনের লক্ষ্য তুলে ধরেন।
ওয়েবসাইট উদ্বোধনের সময় উপদেষ্টা আবজল আহমেদ আনুষ্ঠানিকভাবে সাইটটি উন্মোচন করেন। পরে ওয়েবসাইটটি তৈরি ও বাস্তবায়নে বিশেষ অবদান রাখার জন্য কাতার বন্ধুসভার প্রধান উপদেষ্টা তামীম রায়হানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সমাপনী বক্তব্যে সভাপতি শাকিল আহমেদ সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের জয়যাত্রা আরও সুদূরপ্রসারী করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিহাদ, অর্থ সম্পাদক মতিউর রহমান মিশু, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জিয়াউল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক রাকিব হাসান, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সানি ও বইমেলা সম্পাদক শরীফ হোসাইনসহ সংগঠনের সক্রিয় সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।





