আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়তে চান স্থানীয় বিএনপি নেতা সাজ্জাদুল বারী দুলাল। দলের মনোনয়ন পাওয়ার প্রত্যাশা নিয়ে রোববার বিকেলে তিনি নিজের শক্তি প্রদর্শনের জন্য এক বিশাল মোটরসাইকেল মহড়ার আয়োজন করেন। বিকেল ৪টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই বিশাল শোডাউন। মোলামগাড়ী বাজারের নিজ বাড়ির সামনে থেকে যাত্রা শুরু করে মিছিলটি পুরো এলাকা ঘুরে প্রার্থিতার বিষয়টি জানান দেয়।
নিজেকে নিবেদিতপ্রাণ দাবি করা সাজ্জাদুল বারী দুলাল স্থানীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি উপজেলা ও ইউনিয়ন উভয় পর্যায়ের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা ইয়াকুব আলী ফকির ছিলেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চারবারের নির্বাচিত চেয়ারম্যান। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখতে ও এলাকার মানুষের সেবায় বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে দুলাল চেয়ারম্যান পদে লড়ার এই ঘোষণা দিয়েছেন। তার দাবি, দলীয় সমর্থন প্রত্যাশায় আয়োজিত এই শোডাউনে প্রায় ২ হাজার ২০০ মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন, যদিও মহড়াটি ১২০০ মোটরসাইকেলের কথা শোনা গেছে।
এই শোডাউনে অংশগ্রহণকারী ইটাইল গ্রামের বাসিন্দা দুলাল হোসেনসহ স্থানীয় কর্মীরা জানান, তারা সাজ্জাদুল বারীকে একজন ত্যাগী নেতা মনে করেন এবং আসন্ন নির্বাচনে দলের পক্ষ থেকে তাকেই প্রার্থী হিসেবে দেখতে চান। সেই সমর্থনের জায়গা থেকেই তারা স্বতঃস্ফূর্তভাবে এই মহড়ায় যোগ দিয়েছেন। এলাকায় নির্বাচনী আমেজ তৈরি করতে তার এই শোডাউন স্থানীয় পর্যায়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
তবে বিএনপি এই ইউনিয়নে এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে দলীয় চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেনি। এ বিষয়ে কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নেই বিএনপির একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন যারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইউনিয়ন পর্যায়ে একাধিক আগ্রহী নেতা থাকায় এখনো কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি। এখন পর্যন্ত জিন্দারপুরসহ মোট পাঁচটি ইউনিয়নেই বিএনপির একাধিক নেতা মনোনয়ন পাওয়ার লক্ষ্যে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।





