১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার ১৫ নভেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এ কথা বলেন তিনি। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মাদক পাচার রোধ ও সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মাদক প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার দীর্ঘ বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী জানান। সভায় সভাপতির দায়িত্বে থাকা জয়নুল আবেদীন মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা কঠোর হাতে নির্মূলের পরামর্শ দেন। একইসঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আর্থিক নেটওয়ার্ক ও অপরাধ লব্ধ অর্থের উৎস তদন্তের সুপারিশ করেন তিনি।

মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মতো আমাদের সীমান্তেও ড্রোন সার্ভেইল্যান্সসহ অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। এছাড়া আরেক হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মন্তব্য করেন যে, মাদকের ভয়াবহতা নিয়ন্ত্রণে সামাজিক বিপ্লব প্রয়োজন। এটি কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা একক কোনো বাহিনীর দায়িত্ব নয়, বরং একটি সমন্বিত জাতীয় উদ্যোগ হিসেবে একে মোকাবিলা করতে হবে।

মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে দ্রুত প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে বৈঠকে। এছাড়া বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত অভিযানে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ রুটগুলো চিহ্নিত করে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

সভায় কমিটির সদস্য মীর শাহে আলম, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা উপস্থিত ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

শেয়ার করুন