১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কপ-৩১ চলাকালে কয়রায় টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ক্ষতিপূরণের দাবি

প্রকাশ:

বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলা নিয়ে আলোচনা করছেন, তখন প্রতিনিয়ত প্রকৃতির ক্ষত বয়ে বেড়ানো খুলনার কয়রায় নিজেদের ন্যায্য অধিকার আদায়ের দাবি তুলেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও ক্ষয়ক্ষতির মাশুল গুনতে থাকা উপকূলবাসীর জীবন-জীবিকা রক্ষায় টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানির ব্যবস্থা এবং জলবায়ু তহবিলে ন্যায্য হিস্যার দাবিতে তারা সোচ্চার হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সকালে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া নদীঘেঁষা কাটকাটা এলাকায় এক বিশাল মানববন্ধন ও রাজনৈতিক-সামাজিক সংহতিভিত্তিক কর্মসূচি পালিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’-এর সহায়তায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এ সমাবেশের আয়োজন করে। এতে স্থানীয় জলবায়ুকর্মী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রাকৃতিক দূর্যোগের শিকার শতাধিক ক্ষতিগ্রস্ত নারী-পুরুষ অংশ নেন।

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা এবং রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা অভিযোগ করেন, বিশ্বব্যাপী তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের পেছনে উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর দায় সবচেয়ে কম হলেও এর কঠিন মাশুল তাদেরকেই গুনতে হচ্ছে। প্রতিনিয়ত নদীভাঙনে ভিটেমাটি ও আবাদি জমি বিলীন হচ্ছে, আর তীব্র লবণাক্ততার কারণে সুপেয় পানির সংকটসহ কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে বাধ্য হয়ে জীবিকার খোঁজে বসতবাড়ি ছেড়ে মানুষ এলাকা ত্যাগ করছেন। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রতিশ্রুতি দেওয়া হলেও এর বাস্তব সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছায় কি না, তা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে রাসেল আহম্মেদ জোর দিয়ে বলেন, জলবায়ু সংকট কোনো তাত্ত্বিক আলোচনার বিষয় নয়, এটি উপকূলের মানুষের প্রতিদিনের টিকে থাকার লড়াই। বৈশ্বিক এই দুর্যোগের জন্য সবচেয়ে কম দায়ী হওয়ার পরও এখানকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই উপকূলের ক্ষতিগ্রস্ত মানুষ কোনো করুণা চায় না, বরং আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে নিজেদের প্রকৃত ও ন্যায্য অধিকার দাবি করে।

বক্তারা আরও আহ্বান জানান, জাতিসংঘের চলমান কপ-৩১ সম্মেলনে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও অভিযোজন প্রক্রিয়ায় কয়রার মতো অতি-ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের বাস্তবতা গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে। কেবল মুখের কথা বা কাগুজে প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে ক্ষতিগ্রস্তদের জন্য সহজ শর্তে ঋণ মুক্ত অর্থায়ন, টেকসই বাঁধ নির্মাণ ও মেরামত, জলবায়ুসহিষ্ণু কৃষি ব্যবস্থা এবং বিকল্প কর্মসংস্থানের স্থায়ী সমাধান নিশ্চিত করার জোর দাবি জানান তারা। একইসঙ্গে বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা অর্জনে উন্নত দেশগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, কপ – ৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার আলোচনায় উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব সংকট ও অধিকারকে গুরুত্ব দিতে হবে।

শেয়ার করুন