২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ব্রাজিল। ম্যাচ শেষে মেটলাইফ স্টেডিয়ামে আবেগপ্রবণ নেইমার জুনিয়র তার জাতীয় দলের যাত্রার সমাপ্তির ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমি চেষ্টা করেছি। সত্যিই চেষ্টা করেছি। এখানেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।’
নেইমারের এই মন্তব্যের পর অনেক সমর্থকই মনে করছেন, ব্রাজিলের জার্সিতে এটিই ছিল তার শেষ বিশ্বকাপ। তবে ভক্তদের আরেকটি অংশ মনে করেন, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য ২০৩০ বিশ্বকাপে ফেরার সুযোগ এখনো রয়েছে। তাদের মতে, লিওনেল মেসি ৩৯ বছর এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ৪১ বছর বয়সে বিশ্বকাপে খেলেছেন, তাই বয়স নেইমারের জন্য কোনো বাধা হতে পারে না।
চলতি বিশ্বকাপে নেইমার মাত্র দুটি ম্যাচে মাঠে নেমেছিলেন, যেখানে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তিনি পেনাল্টি থেকে একটি গোল করেন। এরই মধ্যে কন্টেন্ট নির্মাতা নার্ড সোলের তৈরি একটি এআই-ভিত্তিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটিতে ২০২৬ সালের নেইমারকে তার শৈশবের সংস্করণের সঙ্গে কথা বলতে দেখা যায়, যেখানে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ প্রকাশ পায়। ভবিষ্যতের এক দৃশ্যে ২০৩০ সালের নেইমারকে ট্রফি হাতে লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত করতে দেখা গেছে। এই ভিডিওতে নেইমার নিজে আবেগঘন ইমোজি পোস্ট করলে তা প্রায় ২০ লাখ লাইক পায়, যা ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দেয়।
তবে বিদায়ের ইঙ্গিত দিলেও নেইমার এখনো জাতীয় দল থেকে অবসরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। অন্যদিকে, ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এস্পোর্তের দাবি, নেইমার জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন এবং ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যাবে না। এছাড়া ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নেইমারের জায়গা না থাকা এবং তার ক্লাব সান্তোসে ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।



