নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নের ফুলতলা এলাকায় জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামে এক যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত পলাতক আসামিদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে ভুক্তভোগীর পরিবার। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের নাদু মহুরী বাড়িতে মনার কবরের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
পরিবারের অভিযোগ, গত ৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মনার ওপর অতর্কিত হামলা চালায়। এতে মনা ঘটনাস্থলেই নিহত হন এবং তার ভগ্নিপতি আবদুল্যাহ আল মামুন গুরুতর আহত হন। সংবাদ সম্মেলনে নিহতের বড় ভাই আব্দুল জলিল, ভাই ইমরান হোসেন শুভ, আহত ভগ্নিপতি আবদুল্যাহ আল মামুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, আবুল হোসেন, জসিম, ফুয়াদ, রিমন, কাশেম ও স্বপনসহ একটি চক্র পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে মনাকে হত্যা করেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার পরপরই স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছিল। কিন্তু বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। গত ১১ নভেম্বর চৌমুহনী চৌরাস্তায় এলাকাবাসী বিক্ষোভ করলে পুলিশ ৯৬ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিল, তবে সেই সময়সীমা পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। উপরন্তু, আসামিরা বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নিতে পরিবারটিকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, যার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ওই সময় বিক্ষোভকারীদের কর্মসূচি থেকে সরে আসতে পুলিশ ৯৬ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেয়। তবে নির্ধারিত সময় পার হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা হতাশ।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুজ্জামান জানান, নিহতের ভাই মো. সাদেক হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ওসি আরও জানান, ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে পুলিশ ও এসআরবির যৌথ অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে পলাতকদের দ্রুত গ্রেপ্তার, কঠোর শাস্তি নিশ্চিত ও পরিবারের সার্বিক নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়। এ পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।





