বোমা হামলা, সন্ত্রাস ও নানা ধরনের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার যে চেষ্টা চলছে, তা কোনোভাবেই সফল হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, যারা মনে করছেন বোমা ও সন্ত্রাসের পথ অবলম্বন করে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে বরণ করে নেওয়া যাবে, তারা এ দেশের সাধারণ মানুষকে এখনো চিনতে পারেননি। বাংলাদেশের জনগণ কোনোভাবেই ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতি কিংবা সন্ত্রাসের মাধ্যমে ফের ক্ষমতায় আসার সুযোগ করে দেবে না। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-উপাত্ত রয়েছে বলেও জানান তিনি। এছাড়া বোমা হামলার ঘটনায় জড়িত অনেককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এসব কর্মকাণ্ডের ওপর সরকার কঠোর নজর রাখছে।
সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, সাংবাদিকতা এখন মানুষের আস্থার একটি বড় জায়গায় পরিণত হয়েছে। কোথাও কোনো বিচার না পেলে মানুষ গণমাধ্যমের দ্বারস্থ হন। তাই সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থানের পাশাপাশি অপসাংবাদিকতা এবং ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লেখনী চালিয়ে যাওয়ার আহ্বান জানানোর পাশাপাশি সরকারের ভুল-ত্রুটি বা নিজের সমালোচনা সংবাদমাধ্যমে তুলে ধরলে এতে তার কোনো আপত্তি নেই বলে উল্লেখ করেন। মানুষের অধিকার নিশ্চিত করতে সরকারের উদ্যোগ যেমন প্রকাশ করতে হবে, তেমনি সরকারের কোনো ভুল থাকলে সেটিও নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে।
সরকারের কার্যক্রমের বিষয়ে মন্ত্রী বলেন, গত প্রায় নয় মাসে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দেওয়ার প্রবণতাও কমিয়ে আনা হয়েছে। রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়, তবে সঠিক তথ্যের ভিত্তিতে সরকার সঠিক পথে এগোতে চায়। তিনি আরও জানান, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার কাজে ব্যস্ত রয়েছে এবং সব ধরনের অপশক্তির মোকাবিলায় সরকার সক্রিয় ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে নতুন কিছু দাবি উত্থাপন করেছেন। তিনি দাবি করেন, তৎকালীন ডিবি কার্যালয়ে যখন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম পুকুরপাড়ে বসে জুস পান করছিলেন। রাশেদ খাঁন জানান, এ ঘটনার প্রমাণ ও রেকর্ড তাঁর কাছে রয়েছে। তিনি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে এ বিষয়ে প্রশ্ন করার আহ্বান জানান।
রাশেদ খাঁনের প্রশ্ন, একাত্তরের ইতিহাস বিকৃতির অভিযোগ তোলা হলেও কেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরা হচ্ছে না? তাঁর দাবি, গণঅভ্যুত্থানের ইতিহাস সঠিকভাবে লেখা হলে তাতে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠবে। উল্লেখ্য, এই বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি।





