ল্যাপটপ ব্যবহারের সময় চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া একটি সাধারণ বিড়ম্বনা। তবে সঠিক কিছু পদ্ধতি অনুসরণ করলে ব্যাটারির ব্যাকআপ বাড়ানোর পাশাপাশি এর দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব। আসুসের দেওয়া তথ্য অনুযায়ী, ল্যাপটপের ব্যাটারি ব্যবস্থাপনায় ছোটখাটো পরিবর্তন বড় ধরনের সুফল বয়ে আনতে পারে।
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে থাকা ‘এনার্জি সেভার মোড’ ব্যাটারির চার্জ সাশ্রয়ে দারুণ কার্যকরী। সাধারণত ল্যাপটপের চার্জ ৩০ শতাংশে নেমে এলে এটি নিজে থেকেই সক্রিয় হয়। তবে প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ম্যানুয়ালি এই মোডটি চালু করা যেতে পারে। এছাড়া পাওয়ার সেটিংসে গিয়ে ‘বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি’ অপশনটি বেছে নিলে চার্জ খরচ কমে আসে।
ব্যাটারির ওপর চাপ কমাতে ডিসপ্লের রিফ্রেশ রেট সমন্বয় করা জরুরি। উচ্চ রিফ্রেশ রেট (যেমন ১২০ হার্জ) কমিয়ে ৬০ হার্জে নামিয়ে আনলে এবং স্ক্রিনের ব্রাইটনেস প্রয়োজনমতো কমিয়ে রাখলে চার্জ অনেক বেশি সময় স্থায়ী হয়। ওএলইডি ডিসপ্লের ল্যাপটপে ডার্ক মোড ব্যবহার করা বিশেষ সুবিধাজনক, কারণ এতে পিক্সেলগুলো পুরোপুরি বন্ধ থাকে, যা প্রচুর শক্তি সাশ্রয় করে।
ব্যবহারের সময় ব্যাটারি বাঁচাতে পেরিফেরাল ডিভাইসের দিকে নজর দেওয়া প্রয়োজন। ল্যাপটপে সংযুক্ত মাউস, পেনড্রাইভ বা এক্সটার্নাল হার্ডড্রাইভ কাজ শেষে খুলে ফেললে চার্জ সাশ্রয় হয়। এছাড়া ব্যাকগ্রাউন্ডে মেমোরি খরচকারী অ্যাপগুলো বন্ধ রাখা এবং প্রয়োজন না থাকলে অ্যারোপ্লেন মোড চালু করে ওয়াই-ফাই বা ব্লুটুথ বন্ধ রাখা কার্যকর কৌশল।
গেমিং ল্যাপটপের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড জিপিইউ ব্যবহার করলে চার্জ সাশ্রয় হয়। উন্নত মানের ল্যাপটপে বিভিন্ন অ্যাপের মাধ্যমে সিপিইউ কোর নিয়ন্ত্রণ করেও ব্যাটারি দীর্ঘস্থায়ী করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবসময় শতভাগ চার্জে ল্যাপটপ প্লাগড-ইন রাখা। এর পরিবর্তে ব্যাটারি কেয়ার মোড চালু করলে চার্জ ৮০ শতাংশে সীমাবদ্ধ থাকে, যা দীর্ঘ মেয়াদে ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখে। যদি এসব চেষ্টার পরেও চার্জ দ্রুত শেষ হয়, তবে ল্যাপটপের ব্যাটারি ডায়াগনসিস করে এর প্রকৃত অবস্থা যাচাই করে নেওয়া উচিত।





