শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় শিক্ষার্থীদের অবরোধ

প্রকাশ:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার পর থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় এবং উত্তরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়কটি অবরোধ করে রাখেন। এ সময় শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’ এবং ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’—এমন বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার ফলে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এছাড়া পরীক্ষার হলে যাওয়ার পথে অনেকে রাস্তায় পড়ে যাওয়ার মতো পরিস্থিতির শিকার হয়েছেন এবং অনেকের অ্যাডমিট কার্ড ভিজে নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থীরা প্রশ্ন তুলে বলেন, এসব ভোগান্তির দায় কি শিক্ষামন্ত্রী নেবেন?

একই সময়ে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে তারা সড়ক অবরোধ করলে আব্দুল্লাহপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শেয়ার করুন