ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেছেন বাংলাদেশের ১১ দলীয় জোটের প্রতিনিধিরা। শুক্রবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছানোর পর তারা এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মো. কেরামত আলী এমপি, জনাব মো. নুরুল আমীন এমপি, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি, ডা. এসএম খালিদুজ্জামান এবং এনসিপি নেতা জনাব নাসীরুদ্দিন পাটোয়ারী। এর আগে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ১১ দলীয় জোটের নেতারা শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানে পৌঁছান।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাতের মাধ্যমে নাসীরুদ্দীন পাটোয়ারী জানান, বাংলাদেশ সময় পৌনে ১টার দিকে তেহরানের গ্র্যান্ড মুসল্লায় বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয়। সেখানে স্পিকারসহ প্রতিনিধিদলের ১০ সদস্য উপস্থিত ছিলেন।
আগামী শনিবার আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত হবে এবং ৯ জুলাই তাকে তার জন্মস্থানে দাফন করা হবে। জানাজায় অংশগ্রহণ শেষে বাংলাদেশি প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে। ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণকারী ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় শাহাদাতবরণ করেন।




