২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা অবনতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

রাতের আঁধারে দু-একটি ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে প্রতীকী বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে প্রচার করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন। মন্ত্রী দৃঢ়ভাবে জানান, বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো মূল্যে শিল্পবান্ধব ও বিনিয়োগের সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের অভ্যন্তরে অবস্থান করার পাশাপাশি সীমান্তের ওপার থেকে ইন্ধন যুগিয়ে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে তাদের এই নীলনকশা ব্যর্থ করে দিয়েছে। বিশেষ করে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা নিয়ে তিনি বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের গার্মেন্টস অঞ্চলগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। উসকানি সত্ত্বেও বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিয়েছে, যাতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত না হয়। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে সেখানে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তিনি জানান, পুলিশের নিজস্ব ডেটা বিশ্লেষণ করলে দেখা যায়, বিগত বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। আগের বছরের সঙ্গে নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন যে, দেশজুড়ে অরাজকতার চেষ্টাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্তের ওপার বা দেশের ভেতরে থাকা যৌথ ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সরকারের কাছে তথ্যপ্রমাণ রয়েছে এবং উপযুক্ত সময়ে তা প্রকাশ করা হবে। কোনো ধরনের সম্মিলিত ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন