২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় মাদ্রাসার অগ্নিকাণ্ড: ৭৭ জনের চিকিৎসায় মেডিকেল বোর্ড

প্রকাশ:

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় বহু শিক্ষার্থী আক্রান্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৭৭ জন রোগী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪ জনকে সুস্থতার ভিত্তিতে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ভর্তি থাকা বাকি রোগীদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।

মঙ্গলবার (১০ নভেম্বর) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ডা. পাপন গণমাধ্যমকে জানান, আক্রান্তদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বার্ন রোগীদের ক্ষেত্রে দুর্ঘটনার পর প্রথম ৭২ ঘণ্টা অত্যন্ত সংবেদনশীল সময়। ফলে আক্রান্তদের মধ্যে কাউকে এখনই সম্পূর্ণ বিপদমুক্ত বলা সম্ভব নয় বলে চিকিৎসক জানিয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর রোগীদের ক্ষেত্রে শরীরে অক্সিজেনের মাত্রা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। ধোঁয়া শ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করায় শ্বাসনালি পুড়ে যাওয়ার মতো জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এছাড়া রোগীদের মধ্যে কাশির সঙ্গে রক্ত আসা, শ্বাসকষ্ট, তীব্র মাথাব্যথা ও পেটে ব্যথার মতো উপসর্গ দেখা যাচ্ছে। কারও কারও চোখও বার্নে আক্রান্ত হয়েছে। সংকটপূর্ণ রোগীদের চিকিৎসায় পালমোনোলজিস্ট, শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ এবং চক্ষু বিশেষজ্ঞ সমন্বয়ে পৃথক মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোগীদের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় দুপুর ১২টায় আরও একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডা. পাপন আরও উল্লেখ করেন, ঘটনার পর কিছু রোগী আতঙ্কে (প্যানিক অ্যাটাক) অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন, যাদের অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। শারীরিক অবস্থা বিবেচনা করে পর্যায়ক্রমে তাদেরও ছাড়পত্র দেওয়া হবে। উল্লেখ্য, এই প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন ডা. ইকবাল আহমেদ, ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম এবং ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদসহ অন্যান্য চিকিৎসকরা।

শেয়ার করুন