মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান জীবনযাত্রা, চলমান মানবিক সংকট এবং নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রাইস-জোনস। মঙ্গলবার সকালে তিনি কক্সবাজারের উখিয়ায় অবস্থিত ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এই সফরে তিনি রোহিঙ্গা নারী, শিশু ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের দৈনন্দিন সমস্যা ও প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন। দুর্দশাগ্রস্ত এই জনগোষ্ঠীর পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন তিনি।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, ডাচেস সোফি সফরের শুরুতে ১৮ নম্বর ক্যাম্পের একটি ব্লকে বেসরকারি সংস্থা ‘কোডেক’ পরিচালিত একটি লার্নিং সেন্টারে যান। সেখানে তিনি রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এরপর তিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পরিচালিত নিবন্ধন কেন্দ্র, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এবং ইউনিসেফ পরিচালিত ‘উইমেন ফ্রেন্ডলি স্পেস’ ও শিশুদের শিক্ষাকেন্দ্র ঘুরে দেখেন।
দুপুরে ক্যাম্পের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে তিনি রোহিঙ্গা নারীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তিনি আইওএমের বিভিন্ন প্রকল্প, নারীদের বহুমুখী কেন্দ্র, নারী বাজার, সাবান তৈরির কারখানা এবং প্রতিবন্ধী শিশু ও নারীদের জন্য নেওয়া বিশেষ সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। রোহিঙ্গাদের দক্ষতা বৃদ্ধি ও তাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে নেওয়া উদ্যোগগুলোও তার পরিদর্শনের অন্তর্ভুক্ত ছিল। ব্রিটিশ সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অনুরোধেই মূলত এই সফরের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।
রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষা এবং তাদের জন্য পরিচালিত আন্তর্জাতিক মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে সরাসরি অবগত হতেই এই সফর করেছেন বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। এদিকে, ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, রাজপরিবারের এই সদস্যের সফর ঘিরে ক্যাম্পের ভেতরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। তাঁর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়।





