রাজনৈতিক উদ্দেশ্যে বিগত সময়ে দায়ের করা ২৪ হাজার ১৩টি হয়রানিমূলক মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
সংসদ সদস্য কেরামত আলী তার প্রশ্নে অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা অসংখ্য মিথ্যা ও রাজনৈতিক মামলার সুরাহা না হওয়ায় এখনো হাজার হাজার মানুষ আইনি হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কারণ এবং এ বিষয়ে সরকারের কোনো নির্দিষ্ট রোডম্যাপ রয়েছে কি না, তা তিনি জানতে চান।
জবাবে আইনমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগকে আরও গতিশীল ও কার্যকর করার পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিগুলো মামলার এজাহার, অভিযোগপত্রের অনুলিপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। জনস্বার্থে মামলার প্রয়োজনীয়তা এবং রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী কি না—তা যাচাই করেই জেলা কমিটিগুলো মামলা প্রত্যাহারের সুপারিশ করে থাকে।
মন্ত্রী আরও জানান, জেলা কমিটির সুপারিশ যাচাই-বাছাই ও সার্বিক কার্যক্রম সমন্বয় করতে ২০২৬ সালের ৮ মার্চ তাকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কোনো মামলা হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে তা আইন অনুযায়ী প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করছে সরকার।





