ইরানের ওপর বিদ্যমান নৌ অবরোধকে আরও বিস্তৃত করতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে একটি নতুন ইউনিট গঠন করেছে। এই পদক্ষেপের ফলে ইরানের স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগরও যুক্তরাষ্ট্রের অবরোধের আওতায় চলে আসবে। ২০ সদস্যের এই বিশেষ ইউনিটটি মূলত স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র ব্যবস্থা, দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞাভুক্ত উপাদান এবং অবৈধ অর্থের লেনদেন প্রতিহত করতে কাজ করবে। এর লক্ষ্য হলো ইরানি বন্দরগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরও সম্প্রসারিত করা।
রোববার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই সামরিক অভিযান ইতোমধ্যে কার্যকর হয়েছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এই অবরোধের ফলে স্থলপথে ইরানের ভেতরে নতুন করে কোনো কিছুই প্রবেশ করতে পারবে না। ইরানের সাতটি প্রতিবেশী দেশের সাথে প্রায় ৫ হাজার ৯০০ কিলোমিটার বা ৩ হাজার ৬৬০ মাইল দৈর্ঘ্যের স্থল সীমান্ত রয়েছে।
এদিকে, মার্কিন এই নতুন পদক্ষেপকে ‘কেবলই কথার কথা’ বলে নাকচ করে দিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র হোসেইন মোহেবি দাবি করেন, মার্কিন এই টাস্কফোর্স তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হবে।





