২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ

প্রকাশ:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) যৌথভাবে অংশগ্রহণ করে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ৮ নভেম্বর বিকেলে ক্যাম্পের এইচ ব্লকে থাকা কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে এ তল্লাশি চালানো হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যাম্পে আইনশৃঙ্খলার উন্নতি, সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। বসতঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দুটি নম্বরবিহীন ৭.৬৫ বোরের পিস্তল ও দুটি খালি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। এছাড়া উদ্ধার করা চার রাউন্ড তাজা গুলির মধ্যে তিন রাউন্ড পিস্তলের এবং এক রাউন্ড একনলা বন্দুকের।

অস্ত্রের পাশাপাশি অভিযানকারী দল বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে একটি স্টিলের চাকু, একটি লোহার দা এবং একটি সবুজ রঙের হেক্সো ব্লেড। এছাড়া সানাউল্লাহর ঘর থেকে ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, সিমবিহীন আটটি সিম কার্ডের কাভার, দুটি রোহিঙ্গা শরণার্থী কার্ড (ইউএনএইচসিআর), বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের একটি ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি এবং এক জোড়া পুরোনো কালো রঙের বুট জব্দ করা হয়েছে।

১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) কাউছার সিকদার রবিবার ৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দ করা অস্ত্র ও আলামতগুলোর বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার (৯ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্থিরতা সৃষ্টি, ডাকাতি ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড দমনে স্থানীয় প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন