‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে নাটোরের লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন।





