নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী অবিলের বাজারে সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা একটি দোকানঘর গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। জানা গেছে, জলঢাকা-রংপুর মহাসড়কের পাশে ইউনিয়ন ভূমি অফিসের জায়গা দখল করে রাতের অন্ধকারে ওই স্থাপনাটি গড়ে তোলা হয়েছিল। স্থানীয় ব্যবসায়ী ফজলু নামে এক ব্যক্তি গোপনে দোকানটি নির্মাণ করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।
গোপন সংবাদের ভিত্তিতে রোবাবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং অবৈধ দোকানটি ভেঙে দেন। উচ্ছেদ অভিযানে রণচন্ডী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারসহ পুলিশ সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। সরকারি জমি দখলের দায়েই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)।





