২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, অভিযোগ রাবি শিবির সভাপতির

প্রকাশ:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার অজুহাত খাড়া করছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন। প্রশাসনের এই অসহযোগিতার প্রতিবাদে আগামী ১০ নভেম্বর মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে মুজাহিদ ফয়সাল জানান, গত এক সপ্তাহ ধরে তারা উপাচার্যের সাথে সাক্ষাতের সময় চেয়ে আসছিলেন। কিন্তু নানা ব্যস্ততা এবং উপাচার্য ক্যাম্পাসে নেই এমন অজুহাত দেখিয়ে বারবার তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। রোববারও উপাচার্য ঢাকায় অবস্থান করছেন বলে জানানো হয়, যদিও পরবর্তীতে তারা জানতে পারেন যে উপাচার্য সকাল থেকেই ক্যাম্পাসে ছিলেন। প্রশাসনের এই আচরণে সদিচ্ছার চরম অভাব রয়েছে বলে তিনি উল্লেখ করেন। আজও অফিস থেকে জানানো হয়, উপাচার্য ঢাকায় থাকবেন।

এর আগে দুপুর আড়াইটায় শিবিরের নেতৃবৃন্দ রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমানের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। গত ২৫ আগস্ট রাকসুর পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিল ছাত্রশিবির। এর পরবর্তী সময়ে কয়েক দফা আলোচনার চেষ্টা করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট অবস্থান পাওয়া যায়নি বলে জানান তিনি। এরপর কয়েক দফায় প্রশাসনের সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও রাকসু নিয়ে প্রশাসনের সর্বশেষ অবস্থান জানা সম্ভব হয়নি।

মুজাহিদ ফয়সাল আরও বলেন, উপাচার্যের কার্যালয়ের বর্তমান আচরণ দেখে মনে হচ্ছে তারা রাকসু নির্বাচনকে গুরুত্ব দিতে নারাজ। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হলো নিয়মিত ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করা, যার মাধ্যমে তারা দাবিদাওয়া তুলে ধরবেন। প্রশাসন এই অধিকারে বাধা দিলে শিক্ষার্থীদের সাথে নিয়ে মাঠপর্যায়ে কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত দুঃখজনক।’।

তিনি জোর দিয়ে বলেন, ভর্তি পরীক্ষার সাথে রাকসু নির্বাচনের প্রস্তুতির কোনো সাংঘর্ষিক সম্পর্ক নেই। এটি কেবল নির্বাচন পেছানোর একটি ষড়যন্ত্রমাত্র। এই সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ বিভিন্ন হল ও শাখা পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন