২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ইউনিয়ন গঠনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ

প্রকাশ:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে নতুন ইউনিয়ন গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে তীব্র আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। এই সিদ্ধান্তের জেরে রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে কোড্ডা এলাকায় রেলপথ ও সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এই অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে সুলতানপুর-আগরতলা সড়কের যান চলাচলও বন্ধ রয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে সম্প্রতি ‘বরিশল’ নামে একটি নতুন ইউনিয়ন গঠন করে সেটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে আসছেন এলাকাবাসী। তাদের দাবি, বাসুদেব ইউনিয়নকে কোনোভাবেই বিভক্ত করা যাবে না এবং প্রশাসনিকভাবে আগের অখণ্ড অবস্থায় একে পুনর্বহাল করতে হবে। এর আগে এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা বিভিন্ন সময় কর্মসূচি পালন করলেও কোনো সমাধান না পাওয়ায় এবার অনির্দিষ্টকালের অবরোধের পথ বেছে নিয়েছেন তারা।

রোববারের এই অবরোধ কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে। যতক্ষণ পর্যন্ত নতুন ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত বাতিল না করা হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক কুমার বিশ্বাস জানান, রেলপথ অবরুদ্ধ থাকায় ট্রেন চলাচল স্থবির হয়ে পড়েছে। এতে উপকূল এক্সপ্রেসসহ বেশ কিছু আন্তঃনগর ট্রেনের সময়সূচি বিপর্যয়ের মুখে পড়েছে। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, সড়ক ও রেলপথ অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

শেয়ার করুন