যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপের মাঝেও জীবনের জয়গান গাইলেন ফিলিস্তিনিরা। শুক্রবার গাজা সিটিতে আয়োজিত এক বর্ণাঢ্য আয়োজনে ২৫০ জন ফিলিস্তিনি দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের মানবিক সহায়তা উদ্যোগ ‘অপারেশন নাইটলি নাইট ৩’-এর সহযোগিতায় এই গণবিবাহের আয়োজন করা হয়। যুদ্ধবিধ্বস্ত গাজায় আনন্দের বিরল এক মুহূর্তের সাক্ষী হলেন ফিলিস্তিনিরা।
‘থাওব আল ফারাহ’ বা ‘আনন্দের পোশাক’ স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে বর ও কনেরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত ছিলেন। কনেরা ফিলিস্তিনি নকশিকাঁথার কারুকার্যময় ‘তাতরিজ’ পোশাক পরেছিলেন এবং তাদের হাতে ছিল ফুলের তোড়া। অন্যদিকে বরদের পরনে ছিল মার্জিত স্যুট ও ঐতিহ্যবাহী কেফিয়াহ।
যুদ্ধ ও চরম আর্থিক সংকটের কারণে যে দম্পতিরা দীর্ঘ সময় ধরে বিয়ের আয়োজন করতে পারছিলেন না, তাদের পাশে দাঁড়াতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও অনিশ্চিত পরিস্থিতির মাঝে আয়োজিত এই সংগীত ও উৎসবমুখর পরিবেশ সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে দিয়েছে।
ধ্বংসস্তূপের এই জনপদে ২৫০ দম্পতির এমন গণবিবাহ কেবল একটি সামাজিক আয়োজন নয়, বরং প্রতিকূলতার মুখেও ফিলিস্তিনিদের ঘুরে দাঁড়ানো, ভালোবাসা ও বেঁচে থাকার অদম্য প্রত্যয়ের এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। প্রতিকূলতার মধ্যেও জীবন, ভালোবাসা ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় যে থেমে নেই, ২৫০ দম্পতির এ গণবিবাহ যেন তারই এক প্রতীক।





