আগামী ডিসেম্বর মাস থেকে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত রিক্রুটিং এজেন্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি জানান, প্রাথমিক পর্যায়ে দুটি বা তিনটি ফ্লাইটের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। এরপর অন্যান্য চাহিদাপত্রের ভিত্তিতেও কর্মী পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের মিলনায়তনে মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
নতুন এই ব্যবস্থায় বিদেশ গমনেচ্ছু কর্মীদের কোনো খরচ বহন করতে হবে না। যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট বিদেশি নিয়োগকর্তা বা তাদের প্রতিষ্ঠান বহন করবে। একইসঙ্গে প্রক্রিয়াটিকে আরও সহজ করতে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নির্ধারিত কিছু সার্ভিস চার্জও বাতিল করা হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী ডিসেম্বরের মধ্যেই এ বিষয়ে নতুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু এজেন্সির একচেটিয়া প্রভাব কমিয়ে সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ প্রদানের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এছাড়া প্রবাসী কর্মীদের যেকোনো সমস্যা মোকাবিলায় মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে আলাদা সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
মেডিকেল ফি সংক্রান্ত বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই খরচের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি রিক্রুটিং এজেন্টদের ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি কর্মীদের কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধিতে মনোযোগী হওয়ার আহ্বান জানান। রিক্রুটিং এজেন্সির মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, এ ব্যবসাকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হবে। গুটিকয়েক ব্যক্তির অনিয়মের কারণে পুরো খাত যেন বিতর্কিত না হয়।
সভায় উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক কর্মীদের ভোগান্তি কমাতে রিক্রুটিং এজেন্সিগুলোর দায়বদ্ধতা ও কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদীয় কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





