সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ৫ নভেম্বর সকাল ৮টা থেকে ৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২৭৬ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭১ জন মারা গেছেন।
শুক্রবার প্রকাশিত নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে নতুন করে ১ হাজার ৩১৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যা নিয়ে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে ৭৫ জন আক্রান্ত হওয়ায় এ সংখ্যা বর্তমানে ২৪ হাজার ২৯৪ জনে পৌঁছেছে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ লাখ ১০ হাজার ৯৮২ জন রোগী হাম সন্দেহে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, একই সময়ে চিকিৎসা শেষে ২ লাখ ২ হাজার ৩৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।





