কাতারের কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টের (কিউসিবিএসডি) অধীনে তিন বছর মেয়াদে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২৪ সদস্য দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ভোরে তারা ঢাকা ছাড়েন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে যাবেন প্রবাসী কর্মী। প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা।
আইএসপিআর জানায়, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিউসিবিএসডির আওতায় এই নৌ সদস্যরা দেশটির উপকূলীয় ও সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষা, সামুদ্রিক টহল, অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা এবং চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। দায়িত্বভার গ্রহণের পূর্বে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি তাদের সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১২ সাল থেকেই বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে কাতারের কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে তাদের দক্ষ জনবল পাঠিয়ে আসছে। সেখানে দায়িত্ব পালনরত সদস্যদের পেশাদারত্ব ও কর্মনিষ্ঠা কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ প্রশংসিত হয়েছে। এই নতুন দলটি নিয়োগের ফলে বাংলাদেশ ও কাতারের মধ্যকার প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে উভয় দেশের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন ক্ষেত্র প্রসারিত হবে। নতুন করে নিয়োগ পাওয়া ২৪ সদস্যের দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে।
কাতারে এই দায়িত্ব পালনের ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর পেশাদার ভাবমূর্তি আরও উজ্জ্বল হওয়ার পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আইএসপিআর আশা প্রকাশ করেছে।





