ভুটানের বিপক্ষে জয়লাভের পর বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ থমাস ডুলি। জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই কোচ জানান, ম্যাচের পুরো ৯০ মিনিট একই গতি ধরে রাখা বাস্তবসম্মত নয়, কারণ প্রতিপক্ষ দলও লড়াই করে এবং নিয়মিত সুযোগ তৈরির চেষ্টা চালায়। তিনি আরও উল্লেখ করেন যে, অতিরিক্ত দৌড়ানোর ফলে খেলোয়াড়দের মধ্যে ক্লান্তিভাব কাজ করেছিল এবং মনোযোগে কিছুটা ঘাটতি দেখা দিয়েছিল। তবে সার্বিক বিচারে ভুটানের মতো দলের বিপক্ষে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাতে তিনি খুশি। ডুলির মতে, ভুটান দল মাঠে ফাঁকা জায়গা পেলে ভালো খেলা তৈরি করতে পারে এবং তাদের বল টাচ ও খেলার গতি যথেষ্ট নিখুঁত ছিল। তবে বাংলাদেশ তাদের নিয়মিত চাপে রাখতে পারায় বড় কোনো বিপদে পড়তে হয়নি।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ক্রমাগত আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। সেই পরিস্থিতি বিবেচনায় বিরতির পর কৌশলী পরিবর্তন আনেন কোচ ডুলি। বিশ্বনাথ ঘোষকে তুলে নিয়ে মাঠে নামান মোহাম্মদ ইব্রাহিমকে। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই গোল করে দলকে জয় এনে দেন ইব্রাহিম। কোচ ডুলি জানান, বিশ্বনাথ ক্লান্ত হয়ে পড়ায় ম্যাচের পরিস্থিতি বুঝে মাঝমাঠে ইব্রাহিমকে বেছে নেওয়া হয়েছিল। গোল না পেলেও বিশ্বনাথের সামগ্রিক পারফরম্যান্সে কোচ ডুলি প্রশংসা করেছেন।





